পটুয়াখালীর লোহালিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হাওয়ার দেড় ঘণ্টা পর স্কুলছাত্র রাফি'র (১৫) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার দুপুরে ৩টার দিকে তার মরদের উদ্ধার করা হয়। রাফি পটুয়াখালীর কাঠপট্টি এলাকার কবির গাজীর ছেলে ও পটুয়াখালী কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শী ও নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সূত্রে জানা যায়, রাফি দুপুরে বন্ধুদের সাথে বাড়ি সংলগ্ন নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় এক পর্যায়ে পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পাশাপাশি থানা পুলিশকে খবর দেখা হলে পুলিশ ও নৌ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর ৩টার দিকে তার অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার মজিবর রহমান জানান, দুইটায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে অভিযান শুরু করেন। তিনটার দিকে মসজিদ ঘাট সংলগ্ন নদীর পানির নিচ থেকে রাফিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, পানিতে পড়ে এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নৌ ফায়ার সার্ভিস দলকে খবর দেয়া হয়।
তিনি আরও জানান, সাঁতার না জানায় ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়। এ ব্যাপারে অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।