ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে দগ্ধ শিক্ষার্থী

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে এক নজর দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে জাহিদ হোসেন নিরব (১৩) নামে এক শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৌড়পুরা বাজারে এ ঘটনা ঘটে।

জাহিদ চৌদ্দগ্রাম উপজেলার খাগাইশ গ্রামের সৌদি প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে। সে দৌড়পুরা হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

জাহিদের মামা আরমান হোসেন রনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান দৌড়পুরা বাজারে একটি কসমেটিকসের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। তাকে দেখতে গ্রামের মানুষ সেখানে ভিড় করে। সামনে থেকে এক নজর দেখার জন্য জাহিদও সেখানে যায়। পরে ভিড়ের কারণে সে ঐ মার্কেটের দোতলার ছাদে উঠে অনেক সাথে। সেখানেও অনেক ভিড় ছিলো। আর ওই ছাদের পাশেই ছিলো হাই ভোল্টের বৈদ্যুতিক তার। এসময় অসাবধানতাবশত ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে গিয়ে আহত হয়। 

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নিরবের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটি এখনও চিকিৎসাধীন রয়েছে।