ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে মহাসড়কের চৈতাব এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আ. সালাম (৪৩) এবং যাত্রী পিয়াল (২৬)।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিলো। ৬টার দিকে নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকা পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক আ. সালম (৪৩) এবং পিয়াল (২৬) নামের এক যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে সেটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াছ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।