গাজীপুরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আল আমিন নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কামরুল হাসান নামে আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।
বৃহস্পতিবার দুপুরে জেলার কালিয়াকৈরের চন্দ্রায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বুধবার চন্দ্রা জাতির বঙ্গবন্ধু কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। ওই ঘটনা মীমাংসায় দুপুরে চন্দ্রা এলাকায় মোকদ্দম প্লাজার সামনে উপস্থিত হলে, কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন আল আমিন ও কামরুল হাসানকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আল আমিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।