সিঁধ কেটে চুরে হওয়া শিশু উদ্ধার, আটক দুই

কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে চুরি যাওয়া আড়াই মাস বয়সী শিশু জোনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বেত্রাটি গ্রাম থেকে তাড়াইল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকায় রুবেল ও শাস্ত বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের কাঁচা ভিটের টিনেশডের বসতঘরে শিশুটিকে নিয়ে পিতা সাদ্দাম হোসেন ও মা সানজিদা ঘুমিয়েছিলেন। সকালে উঠে দেখেন শিশুপুত্রটি তাদের ঘরে নেই। পরে বসতঘরের পেছনে সিঁধ কাটা অবস্থায় দেখতে পান। শুরু হয় খোঁজাখুজি। বিকেল পর্যন্ত শিশুটিকে না পেয়ে থানায় লিখিত ডায়েরি করা হয়।

এরপর তাড়াইল থানা পুলিশ ও ডিবি পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে সদর উপজেলার বেত্রাটি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত রুবেল ও শাস্ত বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিশুকে তার বাবা মায়ের কোলে তুলে দিয়েছে পুলিশ।