কুষ্টিয়ার কুমারখালিতে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যাওয়া আড়াই মাস বয়সী শিশু ইসরাফিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের বুড়িমারা বিল থেকে তারা মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশু ইসরাফিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃষক জিয়াউর রহমান ও রেহেনা দম্পতির সন্তান। এ দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। আড়াই মাস আগে জন্ম হয় একমাত্র ছেলে ইসরাফিলের।
পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে রেহেনা খাতুন ছেলে ইসরাফিলকে নিয়ে বাবা মোহন মণ্ডলের বাড়িতে বেড়াতে যান। রাতে শিশু ইসরাফিল, মা রেহেনা ও নানী রেনু খাতুন দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ রাত ১০টার দিকে ঘুম ভেঙে রেহেনা দেখেন, তার পাশে ইসরাফিল নেই।
এ সময় তিনি চিৎকার করে উঠলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু ইসরাফিলকে কোথাও না পেয়ে মঙ্গলবার সকালে শিশু চুরির অভিযোগে থানায় মামলা করেন তার বাবা। পরদিন বিকেলে নানাবাড়ি থেকে প্রায় ৬০০ মিটার দূরে বুড়িমারা বিল থেকে ইসরাফিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জিয়াউর রহমান বলেন, পায়ে রক্ত জমে আছে। আমিতো কাউকে দেখিনি। তবে আমার আল্লাহ এর বিচার করবে।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে মাঠ থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরও বলেন, মরদেহটি শনাক্ত করেছেন শিশুটির স্বজনরা। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।