বাইকের বেপরোয়া গতিতে প্রাণ গেলো স্কুলছাত্রের

নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়ান হাসান মাহফুন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী।  

বুধবার রাত ৮টায় নড়াইল-যশোর সড়কের চাঁচড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আর আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যশোর থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মাহফুন। পথে চাঁচড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির আগে ব্রিজ অতিক্রম করার সময় নড়াইলের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। 

ফায়ার সার্ভিস খবর পেয়ে মোটরসাইকেলের অপর আরোহী খায়রুজ্জামানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেয়। পরে উচ্চতর চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।