বাগেরহাট জেলায় আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। এছাড়াও বজ্রপাতে চারটি গরু এবং একটি মহিষ মারা গেছে।
বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার হেদায়েতপু এবং পঞ্চমালা গ্রামে হতাহতের এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা গ্রামের হক আমিনের ছেলে সাইদুর রহমান (২৭) এবং পার্শ্ববর্তী হেদায়েতপু গ্রামের শেখ কাউসারের ছেলে সেলিম শেখ (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় উজ্জল নামের এক যুবক আহত হন। পরে উজ্জলকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন জানান, দুপুরে প্রচুর বৃষ্টি হতে দেখে সে গরু ও মহিষ নিয়ে বাসার দিকে আসছিলেন, এসময় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয় এবং তার সাথে থাকা উজ্জল গুরুতর আহত হন। ঘটনাস্থলে তিনটি গরু ও একটি মহিষেরও মৃত্যু হয়। শুনেছি একই ঘটনায় হেদায়েত পুর সেলিম নামের একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, পার্শ্ববর্তী হেদায়েতপু গ্রামে বজ্রপাতে সেলিম শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনিও গরু আনতে মাঠে গিয়েছিলেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওদি) সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।