সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত

সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ ভেঙে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে।   

কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও বাঁধ উপচে, আবার কোথাও বাঁধ ভেঙ্গে পানি প্রবেশের কারণে জকিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

শুক্রবার সকাল পর্যন্ত জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার সব পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

স্থানীয় উপজেলা প্রশাসন জানায়, এ উপজেলার চারটি এলাকা দিয়ে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে বানের পানি লোকালয়ে ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ। তলিয়ে গেছে রাস্তাঘাটসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। পানির নিচে জকিগঞ্জ-সিলেট ও শেওলা-জকিগঞ্জ সড়কের একটি অংশ। 

গেলো তিনদিন থেকে উপজেলার ছবড়িয়া, রারাই, বাখরশাল, জকিগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নরসিংহপুর এলাকার ডাইক ভেঙে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা ডাইক টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি।

এদিকে জকিগঞ্জের বানভাসি মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। চলমান পরিস্থিতিতে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, পানিবাহিত রোগবালাই ও গবাদিপশুর খাবার সংকটে চরম দুর্ভোগে এ অঞ্চলের বানভাসিরা। 

বৃহস্পতিবার রাত পর্যন্ত জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।