কুষ্টিয়ার দৌলতপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগোয়ান গ্রামের হারান বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৫) ও একই গ্রামের জিয়ার আলীর ছেলে রাজিব আলী (২৩)। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, শনিবার সকালে বাগোয়ান গ্রামের মোশাররফ আলীর বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করতে যান রাজমিস্ত্রী লিটন এবং রাজিব। তারা এক সঙ্গে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দৌলতপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নামলে অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিলো। লিটন ও রাজন নামের দুই শ্রমিক সেখানে কাজ করতে নামলে ভেতরে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের মরদেহ এখন হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।