রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছে। চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুমিল্লা ও মাগুরার প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন বিস্তারিত।
চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আঞ্চলিক সড়কের রাস্তায় ব্যরিকেড দিয়ে অবরোধ, পুলিশের সাথে ধস্তাধস্তি, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগে কোটা আন্দোলোনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সদর থানা পুলিশ।
বুধবার রাতে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে এবং এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন সদর থানার ওসি মেহেদী হাসান। তিনি জানান, ১২ জন এজাহার নামীয় এবং ১২০ জন অজ্ঞাতনামাদের আসামী করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
যশোরে কয়েক হাজার আন্দোলনকারীদের বিক্ষোভ, রেল লাইন ও সড়ক অবরোধ
কোটা সংস্কার ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বেলা ১১টা থেকে যশোরে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে আন্দোলনকারীরা যশোরের জেলা প্রশাসকের অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থীর একটি বিশাল মিছিল মুজিব সড়ক হয়ে যশোর রেল স্টেশনে পৌঁছায়। রেল লাইনের ওপর কাঠ ফেলে ২০ মিনিট অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে রেল লাইনের ওপর থেকে কাঠ সরিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ শহরের চাঁচড়া মোড়ে গিয়ে বেনাপোল, ঢাকা, খুলনা ও ঝিনাইদহে যাওয়ার বাইবাস সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
কুমিল্লায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এবং আন্দোলনকারীদের মাঝে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ রাবার বুলেট এবং টিআর শেল ছোঁড়ে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পৌনে ২টায় সংঘর্ষ চলমান রয়েছে। আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জেলার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। সংঘর্ষের পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টা ৪০ মিনিটে কোটবাড়ি বিশ্বরোড মহাসড়ক এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা। এরপর তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন। জেলা প্রশাসন থেকে জানা যায়, কুমিল্লা জুড়ে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৩ প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি রিজার্ভ রয়েছে। র্যাব এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য কাজ করছে।
মাগুরায় আন্দোলনকারী ৬ শিক্ষার্থী আটক
মাগুরায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
সকালে শহরের ভায়নায় আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবীতে সমবেত হতে থাকে। এ সময় তারা মিছিল করে এবং মহাসড়কে বসে অবস্থান নেয়। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ভায়না মোড় মৎস অফিসের দিকে যায় এবং সেখানে সমবেত হয়। এ সময় পুলিশ তাদের পিছু নেয়। সমাবেশে একটি ককটেল বিষ্ফোরিত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছু সময়ের জন্য মাগুরা-যশোর মহাসড়ক বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনা স্থল থেকে এশা, শাওন, নেওয়াজ, অনিক, মিনহাজ ও আশরাফুল নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শিক্ষার্থীকে আটক করে।