শেরপুরে বিএনপি-জামায়াতের কর্মীসহ ১১৪ জন গ্রেপ্তার

শেরপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের কর্মীসহ ১১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে দুই মামলায় ২৭ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

বুধবার শেরপুর আদালতের সিনিয়র বিচারক ইকবাল হোসেন তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

শেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেলো ১৭ জুলাই থেকে ভাঙচুর, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, সরকারি স্থাপনায় হামলা কারার অভিযোগে শেরপুরে মোট ছয়টি মামলা হয়েছে। মামলা ছয়টি হয়েছে শেরপুর সদর থানায়। আড়াই শতাধিকের নামে ও সাড়ে পাঁচ হাজার জনের বেনামে করা মামলায় বুধবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১১৪ জনকে। গ্রেপ্তারদের মধ্যে বেশিরভাগ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং সমর্থক।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, বিএনপির নেতাকর্মীরা বাড়িতেই থাকতে পারছে না আবার আন্দোলন কীভাবে করবে। নেতাকর্মী তো দূরের কথা সমর্থকরা পর্যন্ত বাসাবাড়িতে থাকতে পারছে না। বাড়িতে পাওয়া না গেলে পরিবারের অন্য সদস্যদের সাথে বাজে ও অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ। নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কর্মচারীদের ধরে মামলায় ঢুকাচ্ছে।