বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে জেলার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত তামিম হোসেন (১৮) উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন—রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দ উদযাপন করতে কয়েকজন বন্ধু কয়েকটি মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোকে ধাক্কা দেয়। এতে তিন মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তামিম হোসেনের মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই তরুণের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
