অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালুরমাঠ পুলিশ ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ক্যাম্প-৭ এর জি-১৭ ব্লকের মো. ছিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ক্যাম্প-৬ এর সি-৬ ব্লকের মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২) ও ক্যাম্প-১৮ এর এম-১০ ব্লকের সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর (২৭)। এরমধ্যে মোহাম্মদ ফয়েজের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

শুক্রবার সকালে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ তিন রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের থেকে দুইটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি রিভলভার, তিন রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি ও তিন রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।