সেনা হাসপাতালে সন্তানের জন্ম দিলেন ফেনী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার নারী। এর আগে শুক্রবার জেলার ফুলগাজী থেকে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে আনা হয়।
পরে সেখানে গাইনি বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সন্তান দুই জনেই সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে সন্তানের মা সুমি বেগম নবজাতকের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে একই দিন বন্যা দুর্গত ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বুড়িচং ও চৌদ্দগ্রামে আটকে থাকা প্রায় সাড়ে ৯ হাজার মানুষকে উদ্ধার করে সেনাবাহিনী। একই সঙ্গে অন্তত সাড়ে চার হাজার মানুষকে পৌঁছে দেয় ত্রাণ সহায়তা। এমনকি এদিন বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্য একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বলে জানায় আইএসপিআর।
সবশেষ জানা যায়, ফেনী জেলার পরশুরামসহ সংলগ্ন বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় তিনি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, ২০ আগস্ট থেকে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১১ জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার।