পদ্মার প্রবেশমুখে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার

ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গেলো ২৪ ঘণ্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটার নিচে রয়েছে। 

ভাঙন ও বন্যার আশঙ্কায় পদ্মা পাড়ের অনেকেই নিজেদের বাড়ি ছাড়তে শুরু করেছেন। যারা এখনও সেখানে অবস্থান করছেন তারা কাটাচ্ছেন নির্ঘুম রাত। বিশেষ করে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় এ আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এসব তথ্য জানান।

ময়েজ উদ্দীন বলেন, ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই পাংখা পয়েন্টে গেলো ২৪ ঘণ্টায় সাত সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে চার সেন্টিমিটার। 

এ প্রকৌশলী আরও বলেন, পদ্মায় বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। এখনও পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনও আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে।

এর আগে গতকাল ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেয়ার খবর জানায় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খন্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।