চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে ককটেলগুলো লুকিয়ে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দুপুরে জেলা সদরের দক্ষিণ শহরের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদের মালিকানাধীন বিনোদন পার্কের পাশের একটি আমবাগান থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ওদুদ বিনোদন পার্কের পেছনে আমবাগানে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মো. ইউসুফ রানার আম বাগানে একটি প্লাস্টিকের ব্যাগের সন্ধান মেলে। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি খোলার পর ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত এলাকার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এবং বিশেষ টহল পরিচালনা করছে। অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ অধিনায়কের দাবি, অভিযানের মাধ্যমে বিজিবি ও যৌথ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে নাশকতার পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে, যা স্থানীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেছে।
অন্যদিকে জেলার শিবগঞ্জ এলাকায় আলাদা অভিযান চালিয়ে ওয়ার্ড পর্যায়ের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কানসাট ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম মাহজন ও একই ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. তোফিকুল ইসলাম।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।