কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত।

সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। 

এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি  এড. মো: কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ২০ দলীয় সরকারের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। 

তিনি আরও বলেন, খালেদা জিয়া এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। ২০ জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সবাইকে অব্যাহতি দেয়া হয়েছে।