ইজতেমায় ৪৯ দেশের ১৪৪৯ মুসল্লি

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। 

শুক্রবার রাতে তারা ময়দানে উপস্থিতি হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

তিনি গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লির নাম এন্ট্রি হয়েছে। তবে বিদেশি মেহমানদের আগমন এখনও চলমান রয়েছে।

শনিবার আসরের নামাজের পর বয়ান শেষে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার কড়া নিরাপত্তায় দিল্লির মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। 
 
শনিবার বয়ান করবেন যারা: বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করেছেন মোরসালিন সাহেব (নিজামুদ্দিন)। সকাল ৯টা ৩০ মিনিটে তালিমের মওজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)।

বাদ জোহর আরব মেহমানরা বয়ান করবেন। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)।

৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।