টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা।

পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে গণমাধ্যমকে জানান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

তবে মহাসড়ক ছেড়ে দিলেও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।