ঈদের সকালে সড়কে ঝড়লো পাঁচ প্রাণ

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ ছিলো। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টীম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রায় ২ ঘণ্টা পর দোহাজারী হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।

নিহতরা সবাই কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী এবং লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। পরিবারের সাথে ঈদ করতে যাবার পথে দুর্ঘটনায় পতিত হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তারা।

পুলিশের তথ্য অনুসারে, যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের সঙ্গে একটি বাসের সঙ্গে আরেকটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিবাসটি কক্সবাজারের দিক থেকে লোহাগাড়ায় আসছিলো। আর সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিলো। 

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনাস্থলে আমাদের টীম পাঠানো হয়েছে, লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।