নতুন একটি দলের চাপে প্রধান উপদেষ্টা ওয়াদা থেকে সরে এসেছেন: নাছির

মানুষ ভোট দিতে না পারার কারণেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিলো উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে মানুষ যদি ভোট দিতে পারতো, তাহলে ৫ আগস্টের গণঅভ্যুত্থান ঘটতো না। 

তিনি আরও বলেন, ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি, ঐক্য যেন না থাকে সেই জন্যই ঐক্য বিনষ্টের বক্তব্যগুলো দেয়া হচ্ছে এবং বাংলাদেশে যে একটি সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে, কখন সাধারণ নির্বাচন হবে। সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করতে নানা বক্তব্য, প্রপাগন্ডা, বিভাজনের রাজনীতি চলছে, যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে, আমরা এরকম রাজনীতি চাই না।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আলোকিত নাগরিক সমাজের আয়োজনে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচনকে জুনের মধ্যে নিয়ে গিয়ে বিলম্বিত করছে। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন এবং জনগণকে দেয়া ওয়াদা থেকে সরে এসেছেন।

অনুষ্ঠানে আলোকিত নাগরিক সমাজের সভাপতি মিজান বিন মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ অনেকেই।

পরে আলোকিত প্রজন্ম অনলাইন কুইজ প্রতিযোগিতায় দুই হাজার ২৯৯ জন প্রতিযোগী শিক্ষার্থীর মধ্যে ১০১ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।