কুমিল্লায় বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত তিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম। 

উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার ‌দি‌কে ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লে‌গে উল্টে‌ গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন চিকিৎসকরা। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যান্য কোনো যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতিতে থাকার কারণে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আমরা প্রথমে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। এখনও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত চিকিৎসা দেয়া হচ্ছে।