চুয়াডাঙ্গায় ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত তিন

চুয়াডাঙ্গা সদরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জাফরপুরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইক চালক আরিফুর রহমান (৩৫) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী শিশু সন্তান ইয়াসিন । বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন পুরুষ যাত্রী নিহত হন। এসময় ইজিবাইক চালকসহ আহতদেরকে সদর হাসপাতালে নেয়া হলে অজ্ঞাত পরিচয় একজন নারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ইজিবাইক চালকও মারা যান।

জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।