পূর্ব সুন্দরবনের কচিখালীতে ভ্রমণে এসে বিদেশি এক নারী পর্যটক মারা গেছেন। হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় টুরিস্ট জাহাজ "এমভি আলাস্কায়" এ ঘটনা ঘটে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
ওই নারী পর্যটকের নাম কারমেল নোইলিন (৫৭)। তিনি আয়ারল্যান্ডের নাগরিক।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, পর্যটকবাহী বিলাস বহুল টুরিস্ট জাহাজ "এমভি আলাস্কা" শনিবার সকালে পর্যটন কেন্দ্র কচিখালীতে নোঙর করে।
তিনি আরও বলেন, বেলা ১১টার সকালের নাস্তা খেয়ে আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন তার কেবিনে যান। জাহাজের স্টাফ তার জন্য কফি নিয়ে গেলে কেবিনের বিছানায় ঐ পর্যটককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহাজে থাকা একজন পর্যটক চিকিৎসক শারীরিক পরীক্ষা করে কারমেল নোইলিকে মৃত ঘোষণা করেন। পর্যটকের সাথে তার বাংলাদেশি নাগরিক স্বামী রয়েছেন। তবে তার নাম জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, টুরিস্ট জাহাজে বিদেশি নাগরিক নারী পর্যটক মারা যাওয়ার খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে থানা থেকে কচিখালীতে পুলিশ পাঠানো হয়েছে।