রাজশাহীতে দুটি আলাদা স্থান থেকে দুইজনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) সকালে রাজশাহী নগরের শাহ মখদুম থানা নওদাপাড়ায় নৈশপ্রহরী এবং গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী গ্রামে মাছ চাষির লাশ পাওয়া যায়। পুলিশ দুই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার নৈশপ্রহরী আনিসুর রহমান ও গোদাগাড়ী উপজেলার বাসিন্দা মাছ চাষি মাসুদ আলী।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খান জানান, নওদাপাড়া বাজারের একটি অটোরিকশার গ্যারেজের নৈশপ্রহরী ছিলেন আনিসুর রহমান। সোমবার সকালে গ্যারেজের ভেতর তার হাত-পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: বাবার মুগুরের আঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু, বাবা-মা আটক
অন্যদিকে, সোমবার সকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী এলাকার পুকুর পাড়ের টিন সেটের ঘর থেকে মাছ চাষি মাসুদ আলীর লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে লিটন নামের ওই মৎস্য চাষির এক সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারও হাত-পা ও মুখ বাধা ছিল।
রাতের কোন একসময় দুর্বৃত্তরা দুইজনকে জাল দিয়ে হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে মাসুদ মারা যান। তবে কোনভাবে লিটন বেঁচে যায় বলে জানিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ।