রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু বিশ্বাসের কাছে আট লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাবিল নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সরিষা প্রেমটিয়া স্কুলমাঠে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কাবিল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের মালপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, গত ১৪ নভেম্বর পাংশা উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু বিশ্বাসের কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী কাবিল। এই মর্মে বাচ্চু বিশ্বাস শনিবার একটি জিডিও করেছেন।
শনিবার বিকেলে বাচ্চু বিশ্বাস সরিষা প্রেমটিয়া স্কুল মাঠে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন, তখন কাবিল সেখান দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাকে মারপিট করে বেধে রাখে। খবর পেয়ে পুলিশ কাবিলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পাংশা মডেল থানার ওসি আরও জানান, আটক কাবিলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা আছে। আর চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।