রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১০ হাজার পরিবার।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজবাড়ী জেলার ১৩ টি ইউনিয়নের ৬৭ টি গ্রামে পানি প্রবেশ করেছে।
নতুন করে প্লাবিত হয়েছে বেতকা, রাখালগাছি, দেবোগ্রাম, চর দৌলতদিয়া, হরিনবাড়িয়াসহ বেশ কয়েকটি এলাকা।
রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড দৌলতদিয়া পয়েন্টের পানি পরিমাপক ইদ্রিস আলী জানান, গেলো ২৪ ঘন্টায় দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা এখন বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকতা মোঃ আরিফুল হক জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দী মানুষের সংখ্যাও বাড়ছে। তবে গত সপ্তাহ পর্যন্ত জেলায় সাড়ে সাত হাজার মানুষের তালিকা অনুযায়ী ১০ মেট্টিক টন চাল ও দুই লাখ টাকা নগদ প্রদান করা হয়েছে। নতুন করে আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে তালিকা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে অধিক গতিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন, বিঘ্নিত যোগাযোগ
এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, পদ্মা নদীর পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
একাত্তর/আরবিএস