বর্তমান প্রজন্ম কাজ, চাকরি এবং শান্তি চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত থাকায় তারা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনের প্রচারণার শেষ পর্বে সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন নতুন প্রজন্মের চাওয়া-পাওয়া ও সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব।
পথসভায় জামায়াতে ইসলামীর বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, সেই শক্তিকে জনগণ প্রত্যাখ্যান করবে।
প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, যারা অন্যায় করেননি বিএনপি তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে নির্বাচনী প্রচারে বিএনপি মহাসচিবের দিনের সূচনা হয় ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে।
সেখানে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, বিমানবন্দর চালু ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে।
এসময় কৃষিমন্ত্রী থাকা অবস্থায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প, গভীর নলকূপ চালু ও কৃষি উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।
আরেক সভায় জামায়াতে ইসলামের বিরোধিতা করে তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে এবং এখনও ক্ষমা চায়নি, তারা দেশের মানুষের নিরাপত্তা দিতে পারবে না।