পুলিশ পরিচয়ে ডাকাতের হানা, ১৮ স্বর্ণের দোকান লুট

সাভারে পুলিশ পরিচয় দিয়ে হানা দিয়ে অন্তত ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতির করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এসময় তারা দোকানের কর্মচারী, নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে।

স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, দেড়শ থেকে দুইশ’ ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক রাত দুইটার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতের কবলে পড়া একটি দোকানের মালিক গৌরাঙ্গ  বলেন, গেলো রাত এক থেকে দুইটার দিকে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করেন। এসময় তাদের হাতে বন্ধুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা সিকিউরিটি গার্ড ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করতে থাকে। ভয়ে সিকিউরিটি গার্ড ও দোকানের কর্মচারীরা চিৎকারও দিতে পারে নি। ডাকাতরা একে একে একে দোকানে ডাকাতি করে প্রায় ১৫০ থেকে দুইশ’ ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লুট করে আবার ইঞ্জিনের নৌকা দিয়ে নদী পথে চলে যায়।


আরও পড়ুন: পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল চলাচল স্বাভাবিক

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থলে আসেন আশুলিয়া থানা পুলিশের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি