গাজীপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। এরই মধ্যে হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট। নগরবাসীর অভিযোগ, এডিস মশার লার্ভা ধ্বংসে তেমন তৎপরতা নেই। আর, সিটি মেয়র বলছেন, ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
টঙ্গীর মাছিমপুর, আউচপাড়া, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গু রোগী। প্রায় সব হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট।
সেই সব এলাকার লোকজনের দাবি, জরুরি পদক্ষেপ না নিলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যদিও চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীদের বিশেষ নজরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সঙ্গে এডিসের বিস্তার রোধে সবাইকে সচেতন হতেও বলেছেন তিনি।
আরও পড়ুন: মঙ্গল গ্রহে জমি কিনলেন এক বাংলাদেশি!
ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকলেও হাসপাতালের নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের।
মেয়র জাহাঙ্গীর আলম জানান, মশা নিধনে এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডে উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে নারী কাউন্সিলর এবং ওয়ার্ড কাউন্সিলরদের সমন্বয়ে ৭৬টি দল কাজ করছে।
এবার জেলায় এই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৫২৩ জন। এরমধ্যে বর্তমানে ৫২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
একাত্তর/আরএইচ