বিগত সময়ে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এক হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করে বিপুল অর্থ লোপাট করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সারাদেশে অসংখ্য মেগা প্রকল্প গ্রহণ করা হলেও সাধারণ মানুষ এর প্রকৃত সুফল পায়নি। অনেক প্রকল্প ছিল যা গত ১৭ বছরে না করলেও চলতো। আবার জরুরি কিছু প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে দুর্নীতি করা হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী আরও বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ, প্রশাসন কিংবা এলজিইডি—যেখানেই হোক, কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি সরকারি কর্মকর্তা হোক বা রাজনৈতিক, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি জেলা পরিষদের প্রশাসককে দুর্নীতির বিষয়ে সতর্ক থাকার ও দায়ভার নেওয়ার নির্দেশ দেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান।
অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।