সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার করা হয়। একই সঙ্গে বন থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের সরঞ্জাম ও মালা ফাঁদ জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিশাল শিংওয়ালা পুরুষ হরিণটিকে প্রাথমিক পর্যবেক্ষণের পর আবার বনে অবমুক্ত করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত কোনো শিকারিকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, স্মার্ট প্যাট্রোলিং টিম-২-এর টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন।
সোমবার দুপুরে মাঝের খাল এলাকায় প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে শিকারিদের পেতে রাখা মালা ফাঁদ দেখতে পান তারা। সেই ফাঁদ অপসারণের সময় একটি বড় শিংওয়ালা হরিণকে আটকে থাকতে দেখে দ্রুত সেটিকে উদ্ধার করা হয়।
ডিএফও আরও বলেন, সাধারণত ঈদের ছুটির সুযোগ নিয়ে সুন্দরবনে শিকারিদের অপতৎপরতা বেড়ে যায়। কিন্তু এবার বনরক্ষীরা ছুটি না নিয়ে বনে কড়া পাহারা দিয়েছেন।
যার ফলে অসংখ্য হরিণের জীবন রক্ষা পেয়েছে। হরিণসহ বন্য প্রাণী শিকাররোধ ও সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় টহল কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।