কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শনিবার দিনগত রাতে অর্থাৎ ঈদের দিন রাতে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন হেলালের ডিউটি ছিলো। কিন্তু সেই সময় তিনি দুর্ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল তার দায়িত্ব অবহেলার কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, মামলার এজাহারনামীয় দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। রেলক্রসিংয়ে সিগন্যাল যথাযথভাবে না দেওয়ায় বাসের সঙ্গে ট্রেনের এই সংঘর্ষ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
গত শনিবার দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।