দীঘিনালায় আগুনে পুড়লো ৩৫ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত ৩টার দিকে লাগা এই আগুনে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে বাজারের একটি গলি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন ও খাগড়াছড়ি থেকে আসা আরও একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি গলিতে আগুন লাগলেও দ্রুত তা দ্বিতীয় ও তৃতীয় গলিতেও ছড়িয়ে পড়ে। আমাদের প্রাথমিক ধারণা, এতে ৩৫টির বেশি দোকান পুড়েছে এবং ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে দীঘিনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, রাত ৩টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যাচাই না করে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।