রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতাল হাম উপসর্গে মোট ৩৮ জনের মৃত্যু হলো। 

হাম সংক্রান্ত প্রতিদিনের ব্রিফিংয়ে শনিবার (৪ এপ্রিল) হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রামেকে নতুন করে আরও ২৫ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে হাম উপসর্গ নিয়ে ১৪৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মহানগরীর প্রায় আট হাজার শিশুকে হামের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ হাসপাতালে সার্বিক বিষয়ে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, আইসিইউ বেড বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে।

হাম রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।