কক্সবাজারের উখিয়ার রেজুআমতলী সীমান্তে ও টেকনাফে বিজিবির সাথে আলাদা বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) নামে এক মাদক কারবারিসহ দুইজন নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রোববার ভোররাতে উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। টহলরত বিজিবি সদস্যরা চার-পাঁচজনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেয়া হয়।
কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহজাহানের মরদেহ ও অস্ত্র-ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ট্রেন-সিএনজি সংঘর্ষে দুই ভাই নিহত
তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায়ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
অপরদিকে, টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি টেকনাফস্থ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।