কসবায় প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ মে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এতথ্য নিশ্চিত করেছে। 

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, এএসসি-এর সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় কসবা উপজেলার মাদলা বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ, কসমেটিক্স সামগ্রী, উন্নতমানের থ্রি-পিস কাপড় এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, জব্দ মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।