পিরোজপুরে ১৩ মণ রেণু জব্দ, সাত জেলেকে কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। 

রোববার (১০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় সাতজনকে আটক করা হয়।

সেখান থেকে ১৩ মণ ওজনের ২ লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান(২৮), দেলোটি পাইকগাছা গ্রামের মো. নজরুল ইসলামর ছেলে মো. মুস্তাঈন (৩৫), দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো. জাকির গাজী (৪১), দাকোপা গড়কালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮) পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০) আটককৃতদের ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্ট গার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।