শেরপুরে অটোরিকশা-ডাম্প ট্রাকের সংঘর্ষে নিহত দুই, আহত পাঁচ

শেরপুরে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, হঠাৎ করে বিকট শব্দ শুনে স্থানীয়রা দেখতে পান সিএনজি ও ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় সিএনজিতে পাঁচজন যাত্রী ও চালকসহ মোট ছয়জন ছিলেন। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিলো। পথেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও তিনজন আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।