আবারও অবৈধভাবে কাঁটাতার বসানোর চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও নির্ধারিত সীমার বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

মঙ্গলবার (২ জুন) দিনগত রাতে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর প্রধান পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় শূন্য রেখার কাছে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজে বাধা দেন। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একই এলাকায় বারবার সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

স্থানীয়দের প্রত্যাশা, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় ও আলোচনার মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকবে।