বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপা জয়ের মিশন শুরু করতেই মরক্কোর বিপক্ষে কিছুটা হোঁচটই খেয়েছে ব্রাজিল। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচটি শেষ হয় ড্রয়ে। একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি।
রোববার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ম্যাচটি দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করতে থাকেন ফুটবলপ্রেমীরা।
বিকেল ৪টায় খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকা দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই উপভোগ করেন।
ম্যাচে অংশ নেন দেশের সুনামধন্য ফুটবলার, সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাবের অভিজ্ঞ ফুটবলাররা। খেলা পরিচালনা করেন রেফারি জামাল হোসেন।
পুরো ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কোনো পক্ষই তা গোলে পরিণত করতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি মো. আশরাফুল জামান রনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।