গাইবান্ধায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শাকিব শাহরিয়ার (২২) উপজেলা পৌরসভার মাগুরা এলাকার এরশাদুল হক লিটনের ছেলে।  

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিষয় নিয়ে এরশাদুলের বাড়িতে তার দুই ছেলে রাকির ও সাকিবের মধ্যে কথা কাটাকাটি হয়।  

এর এক পর্যায়ে ছোট ভাই রাকিব বড় ভাই শাকিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে শাকিব গুরুতর জখম হন। পরে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।  

এ সময় শাকিবকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।