নিখোঁজের পরদিন পুকুরে মিললো শিশুর মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফারিহা সৌরভি নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের গড়কান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই এলাকার ফরিদ আলীর মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ফারিহাকে সাথে নিয়ে মা রওশন আরা বেগম উপজেলা পরিষদের কোয়ার্টারে রান্নার  কাজে গেলে বিকেল তিনটার দিকে ফারিহা নিখোঁজ হয়।

রওশন আরা ও তার পরিবারের লোকজন ফারিহাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে শহরে মাইকিং করানো হয়। 

আরও পড়ুন: ১২ বছর বয়সী শিক্ষার্থীরাও টিকা পাবে: প্রধানমন্ত্রী

পরে রাত সাড়ে ১০টার দিকে ফারিহার মা নালিতাবাড়ী থানায় গিয়ে সাধারণ ডায়রী (জিডি) করেন। রাত থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। 

পরে বুধবার দুপুরে গড়কান্দা এলাকার একটি পুকুর থেকে ফারিহার মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন একাত্তর‌কে বলেন, নিহত শিশুর সুরতহাল তৈরি হয়েছে। প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


একাত্তর/টিএ