দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের আকার এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা।
রোববার (২৬ জুলাই) বিকেলে নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
ঘোষিত বাজেটে কর খাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা। বিগত অর্থবছরে এইখাতের আয় ছিলো ৪০ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসেবে এবার আগের তুলনায় প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে নতুন এই নগরীর কর।
যদিও আগামী ডিসেম্বর পর্যন্ত বহুতল ভবন ব্যতিত অন্যান্য বাসাবাড়ির কর বৃদ্ধি করা হবে না মর্মে জানিয়েছেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
এর আগে দেড়শ বছর পুরোনো বগুড়া পৌরসভাকে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন।
নবগঠিত এই সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় প্রশাসক জানান, নতুন এই করপোরেশনের জন্য আগামী অর্থবছরের জন্য ১৪১৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বৃক্ষরোপণ এবং বর্জ্য অপসারণসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। গুরুত্ব দেয়া হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, যানবাহন ক্রয়, পার্কিং ব্যবস্থা প্রণয়নসহ বিভিন্ন খাতে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং নাগরিকরা উপস্থিত ছিলেন।