চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে বহির্নোঙর এলাকায় আমদানিকৃত পণ্যবাহী মোটর ট্যাংকার ‘সী স্পাইক’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’-এর মধ্যে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চট্টগ্রাম বন্দরের পোর্ট টাগবোট। পাশাপাশি নৌবাহিনীর দুটি জাহাজ ও সোয়াডস বোট উদ্ধারকাজে যোগ দেয়। কোস্ট গার্ডের সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।
চট্টগ্রাম বন্দরের রেফায়েত হামিম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের জলসীমায় একটি মোটর ট্যাংকার ও বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এ মুহূর্তে জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কোস্ট গার্ড সূত্র জানায়, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর একটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। জাহাজ দুটির অবস্থা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।