গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ অবস্থা থেকে উত্তরণে আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।
এদিন হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
এ সময় স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. হেলেনা আক্তার, ডা. মো. আশরাফুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।