ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
নিহতের নাম নূর মোহাম্মদ। তিনি মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্তের নাম জসিম উদ্দিন। তিনি একই উপজেলার পোড়াদহ গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, সকালে নূর মোহাম্মদ কৃষি মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
