শোলাকিয়ায় উন্নয়ন কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর, জনতার ঢল

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব উন্নয়ন কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় শোলাকিয়া মাঠে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। 

এ সময় তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।

পরে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি উপস্থিত জনতার হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোলাকিয়া মাঠে সমবেত হন।