মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ইলেকট্রিক সার্কিটসহ বিস্ফোরণের বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের পাশে জড়ো হচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সেখানে সাদা ধোঁয়া দেখা যায়। আতঙ্কে নেতাকর্মী ও স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কের পাশে থাকা দেবদারু গাছের ওপর একটি এবং মাটিতে আরেকটি বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাংনী থানা পুলিশ। সেখান থেকে বিস্ফোরণের আলামত জব্দ করা হয়। পরে বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কে শোভাযাত্রার জন্য নেতাকর্মীরা জড়ো হলে, পার্শ্ববর্তী আনসার-ভিডিপি ক্লাবের কাছ থেকে আরও একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। বিস্ফোরিত বোমাসদৃশ বস্তুর সঙ্গে উদ্ধার হওয়া বস্তুর মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অভিযোগ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।
গাংনী থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরিত ও অবিস্ফোরিত বস্তু দুটি একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।